রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
কক্সবাজারের মহেশখালী ও চট্টগ্রাম সফরে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) সকাল ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে মহেশখালীর উদ্দেশে রওনা হন তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
দিনব্যাপী এ সফরে প্রধানমন্ত্রী কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনের পাশাপাশি বন্যাকবলিত এলাকা পরিদর্শনে অংশ নেবেন এবং ক্ষতিগ্রস্তদের হাতে পুনর্বাসনের নতুন ঘর তুলে দেবেন।
সফরসূচি ও দিনব্যাপী কর্মসূচি:
সকাল ১০:৩০ মিনিট: মহেশখালীর মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন।
দুপুর ১২:৩০ মিনিট: মহেশখালীর বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নতুন ঘর হস্তান্তর ও পুনর্বাসন অনুষ্ঠানে যোগদান।
দুপুর ২:০০ মিনিট: ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ।
বিকেল ৩:১৫ মিনিট: হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসায় আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত।
বিকেল ৩:৪৫ মিনিট: হাটহাজারী ডাকবাংলোয় যাত্রাবিরতি।
বিকেল ৫:০০ মিনিট: হাটহাজারী সরকারি কলেজ মাঠে আয়োজিত পুনর্বাসন অনুষ্ঠানে যোগদান।
সন্ধ্যা ৭:১৫ মিনিট: চট্টগ্রাম শহরের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলের মিলনায়তনে সাংগঠনিক সভায় অংশগ্রহণ।
অতিরিক্ত প্রেস সচিব জানান, ঢাকা থেকে মহেশখালী পর্যন্ত হেলিকপ্টারে এবং পরবর্তীতে ফটিকছড়ি থেকে সড়কপথে চট্টগ্রামে যাবেন প্রধানমন্ত্রী। দিনব্যাপী কর্মসূচি শেষে রাত ৯টা ৩০ মিনিটে চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।