বুধবার, ২৪ Jun ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে থাকার পর অবশেষে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৪টায় মিয়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামতে পারেন তিনি। এই ম্যাচে মাঠে নামলেই ব্রাজিল ফুটবলের দুই কিংবদন্তি পেলে ও রিভালদোর একটি বিশেষ রেকর্ডে ভাগ বসাবেন এই ১০ নম্বর জার্সিধারী। বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরে সর্বোচ্চ ১৪ ম্যাচ খেলার রেকর্ড রয়েছে পেলে ও রিভালদোর। এ পর্যন্ত ১৩টি ম্যাচ খেলা নেইমার স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামলেই ছুঁয়ে ফেলবেন এই দুই কিংবদন্তিকে। ডান পায়ের কাফ মাসেলের চোট কাটিয়ে গত তিন দিন ধরে দলের সঙ্গে স্বাভাবিক অনুশীলন করেছেন তিনি। তবে কোচ কার্লো আনচেলত্তি কোনো ঝুঁকি নিতে চান না। ম্যাচের পরিস্থিতি বিবেচনায় নেইমারকে বদলি হিসেবে নামানো হতে পারে, যদিও কোচ জানিয়েছেন যে পুরো ৯০ মিনিট খেলার মতো ফিটনেস তার রয়েছে। চলতি বিশ্বকাপে ব্রাজিলের প্রথম দুই ম্যাচে বিখ্যাত ১০ নম্বর জার্সিধারী কোনো ফুটবলারকে মাঠে দেখা যায়নি। ১৯৬২ সালের পর এই প্রথম বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি ছাড়া খেলার এমন অদ্ভুত ঘটনা ঘটল। নেইমারের প্রত্যাবর্তনে অবসান ঘটছে ফুটবলপ্রেমীদের এই দীর্ঘ প্রতীক্ষার। একই সঙ্গে জাতীয় দলের হয়ে ১০ নম্বর জার্সিতে এটি হবে নেইমারের ৯৮তম ম্যাচ। এই তালিকায় ১০৫ ম্যাচ নিয়ে শীর্ষে থাকা পেলেকে ছোঁয়ার নতুন অধ্যায় শুরু হচ্ছে এই ম্যাচ দিয়েই।