বুধবার, ২৪ Jun ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
উজানের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বিপৎসীমা অতিক্রম করেছে তিস্তা নদীর পানি। মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৩টায় লালমনিরহাটের হাতীবান্ধার ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যারেজের ৪৪টি জলকপাটই সার্বক্ষণিক খুলে রাখা হয়েছে।
পানি বৃদ্ধির ফলে নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই, পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, গয়াবাড়ী, খালিশা চাপানি ও ঝুনাগাছ চাপানি ইউনিয়নের চরাঞ্চল ও নিম্নাঞ্চলের মানুষ চরম বন্যা শঙ্কায় দিন কাটাচ্ছেন। বর্তমানে মাঠে উল্লেখযোগ্য ফসল না থাকলেও ঘরবাড়ি, গবাদিপশু, সবজি খেত ও পুকুর ভেসে যাওয়ার আশঙ্কায় স্থানীয়রা উদ্বিগ্ন। স্থানীয় বাসিন্দাদের মতে, দীর্ঘদিন ধরে পলি জমে তিস্তার তলদেশ ভরাট হয়ে যাওয়ায় সামান্য পানিতেই নদী ফুলে-ফেঁপে উঠছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাত অব্যাহত থাকলে পানি আরও বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চলে স্বল্পমাত্রার বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সার্বক্ষণিক নজরদারি করছে প্রশাসন ও পাউবো। নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের প্রয়োজন হলে নিরাপদ ও উঁচু স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।