বুধবার, ২৪ Jun ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তারকা ফরোয়ার্ড নেইমার। ইনজুরি কাটিয়ে দীর্ঘ দিন পর মাঠে ফেরার জন্য সম্পূর্ণ প্রস্তুত তিনি। তবে স্কটল্যান্ডের বিপক্ষে তাকে শুরুর একাদশে রাখা হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি কোচ কার্লো আনচেলত্তি।
চোতের কারণে মরক্কো ও হাইতির বিপক্ষে প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি ৩৪ বছর বয়সী এই তারকা। তবে গত সপ্তাহে পূর্ণমাত্রার অনুশীলনে ফিরেছেন এবং সোমবার দলের কৌশলগত অনুশীলনেও তাকে বেশ সক্রিয় দেখা গেছে। উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি জানিয়েছেন, অনুশীলনে নেইমারকে আগের মতোই প্রাণবন্ত ও আত্মবিশ্বাসী দেখাচ্ছে।
বর্তমানে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’-এর শীর্ষে রয়েছে ব্রাজিল। স্কটল্যান্ডের বিপক্ষে জয় পেলেই গ্রুপসেরা হয়ে নকআউট পর্ব নিশ্চিত করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এখন দেখার বিষয়, কোচ কি নেইমারকে শুরু থেকেই মাঠে নামাবেন, নাকি নকআউট পর্বের জন্য তাকে আরও কিছুটা সময় দেবেন।