বুধবার, ২৪ Jun ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
১৯৮৭ সালের ২৪ জুন আর্জেন্টিনার রোজারিও শহরে জন্ম নিয়েছিলেন লিওনেল আন্দ্রেস মেসি, যিনি পরবর্তীতে ফুটবল ইতিহাসের সংজ্ঞাই পাল্টে দিয়েছেন। আজ তিনি পা দিলেন জীবনের ৩৯তম বসন্তে। ৩৯ বছর বয়সে এসেও এক জীবন্ত কিংবদন্তি হিসেবে বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর হৃদয়ে রাজত্ব করছেন ফুটবলের এই বরপুত্র।
মেসির ফুটবল ক্যারিয়ার যেকোনো রূপকথার গল্পকেও হার মানায়। শৈশবে গ্রোথ হরমোনের সমস্যা জয় করে বার্সেলোনার ‘লা মাসিয়া’ একাডেমিতে যোগ দেন। বার্সেলোনার জার্সিতে সম্ভাব্য সব ক্লাব ট্রফি ও রেকর্ডসংখ্যক ব্যালন ডি’অর জিতে নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। বর্তমানে মার্কিন ক্লাব ইন্টার মায়ামির হয়ে মাঠ কাঁপাচ্ছেন তিনি। কঠোর পরিশ্রম, নিষ্ঠা আর নিখাদ জাদুর সংমিশ্রণে আজ তিনি ফুটবল ইতিহাসের সেরার আসনে।
মেসি তার ক্যারিয়ারের সবচেয়ে মধুর অধ্যায়টি রচনা করেন ২০২২ সালের কাতার বিশ্বকাপে। লুসাইল স্টেডিয়ামে সোনালি ট্রফি উঁচিয়ে ধরে আর্জেন্টিনার ৩৬ বছরের আক্ষেপ ঘোচানোর পাশাপাশি সর্বকালের সেরা নিয়ে সব বিতর্কের অবসান ঘটান তিনি। আন্তর্জাতিক ফুটবলে বারবার ফাইনালে হেরে গিয়েও হাল না ছাড়ার যে মানসিকতা মেসি দেখিয়েছেন, তা বিশ্ব ক্রীড়াজগতে এক অনন্য দৃষ্টান্ত।
সাধারণত ফুটবলারদের ক্যারিয়ার ৩০-এর কোঠায় পৌঁছালে যখন ফুরিয়ে যাওয়ার উপক্রম হয়, লিওনেল মেসির ক্ষেত্রে বয়স সেখানে কেবলই একটি সংখ্যা। ৩৯ বছরে এসেও মাঠে তার নিখুঁত পাসিং, ফ্রি-কিক এবং ম্যাচ বদলে দেওয়ার ক্ষমতা তরুণদের মতোই ঈর্ষণীয়। ৩৯তম জন্মদিনের এই শুভ ক্ষণে বিশ্বজুড়ে ভক্তদের একটাই প্রার্থনা, ফুটবলের ‘লা পুলগা’ যেন আরও কিছুদিন তার পায়ের জাদু দেখিয়ে বিশ্বকে রাঙিয়ে যান। শুভ জন্মদিন লিওনেল মেসি!