বুধবার, ২৪ Jun ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
সেলসাও ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ব্রাজিলের বিখ্যাত ১০ নম্বর জার্সি গায়ে মাঠে নামছেন নেইমার জুনিয়র। গ্রুপপর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে নেইমারের ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি।
বাংলাদেশ সময় আগামী বৃহস্পতিবার (২৫ জুন) ভোর ৫টায় মায়ামিতে মুখোমুখি হবে ব্রাজিল ও স্কটল্যান্ড। নক-আউটের টিকিট নিশ্চিত করতে ব্রাজিলের জন্য এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বেশ ফুরফুরে মেজাজে দেখা যায় আনচেলত্তিকে। ইতালিয়ান এই মাস্টারমাইন্ড হাসতে হাসতে বলেন, “নেইমার খেলার জন্য সম্পূর্ণ উপযুক্ত। সে চলতি সপ্তাহে বাকিদের সঙ্গে খুব ভালো অনুশীলন করেছে। ওর মতো একজন কোয়ালিটি খেলোয়াড় দলে ফেরাটা আমাদের জন্য বিশাল স্বস্তির।” নেইমার শুরু থেকে খেলবেন কি না— এমন প্রশ্নের জবাবে রসিকতা করে কোচ বলেন, “আমি নিজে বুড়ো বয়সে যদি ৯০ মিনিট হেঁটে বেড়াতে পারি, তবে নেইমার তো অনায়াসে ৯০ মিনিট দৌড়ে খেলতে পারবে!”
২০২৩ সালের ১৭ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে ম্যাচে বাঁ-পায়ের হাঁটুতে মারাত্মক চোট পেয়েছিলেন নেইমার। এরপর দীর্ঘ ৯৮০ দিন (প্রায় ২ বছর ৮ মাস) চোটের কারণে মাঠের বাইরে থাকতে হয়েছে ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডকে। কাতার বিশ্বকাপের পর দীর্ঘ বিরতি শেষে এটাই হতে যাচ্ছে তার শেষ বিশ্বকাপ অভিযান। ফলে তার প্রত্যাবর্তনকে ঘিরে পুরো মিয়ামি জুড়ে এখন উৎসবের আমেজ।
এদিকে ভক্তদের মাঝে রিয়াল মাদ্রিদের নতুন সেনসেশন এনড্রিককে খেলানোরও দাবি রয়েছে। এই নিয়ে আনচেলত্তি মজা করে বলেন, “ভক্তরা এনড্রিকের জন্য পাগল। তবে আগামীকাল স্কোয়াডে নেইমারও থাকছে। ভক্তরা কাকে ছেড়ে কার জন্য চিৎকার করবে, তা নিয়ে হয়তো দ্বিধায় পড়ে যাবে!” গ্রুপপর্বের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ গোলে হারিয়েছিল ব্রাজিল।