বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ভেনেজুয়েলার পশ্চিমাঞ্চলে মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ৭.২ এবং ৭.৫ মাত্রার এই জোড়া ভূমিকম্পে (ভূকম্পন ডাবলেট) দেশটির রাজধানী কারাকাসসহ বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও বহু হতাহতের আশঙ্কা করছে United States Geological Survey (ইউএসজিএস)।
ইউএসজিএসের তথ্যমতে, গ্রিনিচ মান সময় (GMT) রাত ২২:০৪ মিনিটে প্রথম ৭.২ মাত্রার কম্পনটি আঘাত হানে, যার উৎপত্তিস্থল ছিল সান ফেলিপে শহর থেকে প্রায় ২৮৪ কিলোমিটার দূরে। এর ঠিক পরপরই ইউমারে এলাকার কাছে আঘাত হানে দ্বিতীয় এবং আরও শক্তিশালী ৭.৫ মাত্রার ভূমিকম্পটি, যা রাজধানী কারাকাস থেকে প্রায় ২৯৩ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। ভূমিকম্পের তীব্রতায় কারাকাসে বেশ কয়েকটি বহুতল ভবন ধসে পড়েছে এবং জনমনে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় আশ্রয় নিয়েছেন।
ইউএসজিএস এক বিবৃতিতে জানিয়েছে, দুর্যোগটি বিস্তৃত এলাকাজুড়ে বড় ধরনের প্রভাব ফেলতে পারে এবং উচ্চ সংখ্যক হতাহত ও মারাত্মক অবকাঠামোগত ক্ষয়ক্ষতির প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে ভয়াবহ এই দুর্যোগে ভেনেজুয়েলার পাশে থাকার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডউ সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে জানান, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং জরুরি সহায়তা কার্যক্রম সমন্বয়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন। স্থানীয় প্রশাসন উদ্ধারকারী দলগুলোকে প্রস্তুত রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।