রবিবার, ১০ মে ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার না করা পর্যন্ত আওয়ামী লীগ রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (২২ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা জানান তিনি।

শফিকুল আলম বলেন, “গণহত্যা সমর্থনকারী আওয়ামী লীগের সমর্থকরা এখনও ভ্রান্তিতে আছেন যে, দেশ নির্বাচনমুখী হলে তারা রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে পারবেন। কিন্তু মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার না করলে এবং খুন ও গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের বাদ না দিলে এটি সম্ভব হবে না।”
তিনি আরও জানান, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে।
প্রেস সচিব বলেন, সাম্প্রতিক মাসগুলোতে বিভিন্ন দেশের কূটনীতিক ও কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতে তারা সংস্কার এবং দেশের প্রতিষ্ঠানগুলোকে সঠিক পথে পরিচালনার বিষয়ে বেশি জোর দিয়েছেন। অপরাধীরা দায় স্বীকার না করলে সমঝোতার আহ্বান জানানো অসম্ভব বলে মত দিয়েছেন তারা।
শফিকুল আলম আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ ১৯৭৪ সালের দুর্ভিক্ষ, রক্ষীবাহিনীর হত্যাকাণ্ড এবং শেখ মুজিবুর রহমানের একদলীয় শাসনের স্মৃতি মুছে ফেলার চেষ্টা করেছে।
তিনি উল্লেখ করেন, বর্তমান প্রজন্ম স্বৈরাচারের প্রতিটি মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সজাগ। তারা প্রতিদিন নতুন করে পুরোনো স্মৃতিকে জীবন্ত করছে।
আওয়ামী লীগের কর্মকাণ্ড আন্তর্জাতিক পর্যায়েও প্রভাব ফেলেছে বলে দাবি করেন প্রেস সচিব। তিনি বলেন, “বিশ্বও আওয়ামী লীগের ভয়াবহ অপরাধের জন্য জেগে উঠেছে। তবে আওয়ামী লীগের সমর্থকরা এখনো চুপ নেই।”