শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৪৯৪ জন শিশু। আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এই তথ্য নিশ্চিত করেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ৫৪ দিনে দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৩৪৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫৮ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলেন এবং বাকি ২৮৫ জন মারা গেছেন হামের উপসর্গ নিয়ে।
সবশেষ ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে সিলেটে ৩ জন, ঢাকায় ২ জন এবং খুলনা ও বরিশালে ১ জন করে শিশু রয়েছে। এ সময়ে ২৮২ জন নতুন করে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এবং ১ হাজার ২১২ জন সন্দেহজনক রোগী হিসেবে চিহ্নিত হয়েছে। শিশুদের দ্রুত টিকা প্রদান ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।