শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ফুটবল বিশ্বকাপ মানেই শাকিরার জাদুকরী কণ্ঠ আর নাচের উন্মাদনা। ২০১০ সালের ‘ওয়াকা ওয়াকা’র সেই স্মৃতি ফিরিয়ে দিতে ২০২৬ ফুটবল বিশ্বকাপে আবারও ফিরছেন কলম্বিয়ান পপ সম্রাজ্ঞী শাকিরা। এবারের অফিসিয়াল থিম সং-এ তাঁর সঙ্গে থাকছেন নাইজেরিয়ার জনপ্রিয় শিল্পী বার্না বয়।
বৃহস্পতিবার (৭ মে) মারাকানা স্টেডিয়াম থেকে ধারণ করা একটি টিজার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন শাকিরা। ভিডিওতে ২০২৬ বিশ্বকাপের তিন আয়োজক দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার পতাকার রঙে নৃত্যশিল্পীদের পারফর্ম করতে দেখা যায়। বিশেষ চমক হিসেবে ছিল ২০০৬, ২০১০ ও ২০১৪ বিশ্বকাপের অফিসিয়াল বলের উপস্থিতি, যা শাকিরার পুরনো স্মৃতিগুলোকে মনে করিয়ে দেয়।
এবারের গান ‘ডাই ডাই’-তে ল্যাটিন পপ ও আফ্রো-বিটের এক অনন্য সংমিশ্রণ থাকছে। আগামী ১৪ মে আনুষ্ঠানিকভাবে গানটি মুক্তি পাবে। ১১ জুন থেকে শুরু হতে যাওয়া ৪৮ দলের এই বিশ্ব আসরের আগে শাকিরার এই প্রত্যাবর্তন ভক্তদের মাঝে নতুন করে রোমাঞ্চ ছড়িয়ে দিয়েছে।