সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনের পদ্ধতি নিয়ে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠকে একাধিক বিকল্প প্রস্তাব উঠে এসেছে। এর মধ্যে সংসদের উচ্চকক্ষ বহাল রাখা, ভাইস প্রেসিডেন্ট পদ সৃষ্টি কিংবা সরকারি ও বিরোধী দলের সম্মতিতে স্পিকারকে প্রধান করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের মতো ধারণা নিয়ে আলোচনা হয়েছে। তবে এসব বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে সংবিধান ও আইন বিশেষজ্ঞ এবং শিক্ষাবিদদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো, আকার ও কার্যপরিধি নিয়ে বিস্তারিত কথা হয়েছে এবং প্রক্রিয়াটিতে বিচার বিভাগকে সম্পূর্ণ বাইরে রাখার ব্যাপারেও তাত্ত্বিক আলোচনা হয়েছে। তবে বিষয়গুলো পর্যালোচনার পর্যায়ে রয়েছে এবং সংশ্লিষ্টদের লিখিত প্রস্তাব দিতে বলা হয়েছে। ২০১১ সালে এই ব্যবস্থা বাতিলের পটভূমি তুলে ধরে তিনি উল্লেখ করেন, তৎকালীন কমিটির সদস্যরা এটি বহাল রাখার পক্ষে থাকলেও প্রধানমন্ত্রীর নির্দেশে তা বাতিল হয়েছিল। একই সঙ্গে সংবিধান সংশোধনের এ প্রক্রিয়ায় নিজেদের বক্তব্য তুলে ধরতে বিরোধী দলকে বৈঠকে অংশ নেওয়ার আহ্বান পুনর্ব্যক্ত করেন তিনি।