রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। সারাদেশে মোট জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।
শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফল প্রকাশের মধ্য দিয়ে পরীক্ষায় অংশ নেওয়া ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ শিক্ষার্থীর দীর্ঘ অপেক্ষার অবসান হলো।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, ফল উদ্বোধনের সঙ্গে সঙ্গেই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফলাফল উন্মুক্ত করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ওয়েবসাইটের মাধ্যমে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করতে পারছে এবং শিক্ষার্থীরা এসএমএস ও ইন্টারনেটের মাধ্যমে ব্যক্তিগত ফলাফল সংগ্রহ করতে পারছে।
যেভাবে জানা যাবে ফলাফল:
শিক্ষাপ্রতিষ্ঠান ও পরীক্ষার্থীরা সমন্বিত ওয়েবসাইট eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd-এ প্রবেশ করে ফল সংগ্রহ করতে পারবেন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের নির্দিষ্ট EIIN নম্বর ব্যবহার করে প্রতিষ্ঠানের সামগ্রিক ফলাফল শিট ডাউনলোড করতে পারবে। এছাড়া সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইট থেকেও বিস্তারিত গ্রেডশিট দেখা যাবে।
মুঠোফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল পেতে যেকোনো মোবাইল অপারেটরের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে:
HSC <স্পেস> বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> 2026
উদাহরণস্বরূপ, ঢাকা বোর্ডের জন্য: HSC DHA 123456 2026 লিখে পাঠিয়ে দিতে হবে ১৬১৪০ নম্বরে। ফিরতি এসএমএসে ফলাফল জানা যাবে।