বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন

রামিসা হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

রামিসা হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা ও মরদেহ খণ্ডবিখণ্ড করার ঘটনায় দায়ের করা চাঞ্চল্যকর মামলার রায় আজ ঘোষণা করবেন হাইকোর্ট। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আপিলের ওপর এ রায় ঘোষণা করা হবে।

এর আগে গতকাল সোমবার রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি গ্রহণ শেষে আদালত রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন। মাত্র এক দিনেই উভয় পক্ষের শুনানি শেষ করে রায়ের দিন নির্ধারণের বিষয়টিকে দ্রুত বিচারপ্রক্রিয়ার ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

হাইকোর্টে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ওসমান চৌধুরী, সৈয়দ ইজাজ কবির ও মেহেদী হাসান। অন্যদিকে আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। শুনানিতে রাষ্ট্রপক্ষ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি, সাক্ষ্য-প্রমাণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি তুলে ধরে নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রাখার পক্ষে যুক্তি উপস্থাপন করে।

মামলার বিবরণ থেকে জানা যায়, গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি ভবনের ফ্ল্যাট থেকে শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। অভিযোগ অনুযায়ী, শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণের পর হত্যা করেন সোহেল রানা এবং পরে মরদেহ খণ্ডবিখণ্ড করে শৌচাগারের জানালার গ্রিল কেটে পালিয়ে যান। পুলিশ ওই বাসা থেকে তাঁর স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে এবং একই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানায় মামলা দায়ের করলে তদন্ত শেষে দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। বিচারিক কার্যক্রম শেষে গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি সোহেলকে পাঁচ লাখ টাকা ও স্বপ্নাকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের জানান, আসামি স্বেচ্ছায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শিশুটিকে শৌচাগারের ভেতরে মুখ চেপে ধরে ধর্ষণ, হত্যা এবং মরদেহ খণ্ডবিখণ্ড করার লোমহর্ষক বিবরণ দিয়েছেন। এ নৃশংস ঘটনায় তাঁর স্ত্রী স্বপ্না আক্তারও সহযোগিতা করেছেন বলে অভিযোগ করেছে রাষ্ট্রপক্ষ।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com