শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

ডিসেম্বরে বিএনপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

ডিসেম্বরে বিএনপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

মহান বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে মাসব্যাপী দলীয় ও রাষ্ট্রীয় কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নিয়মিত কর্মসূচির পাশাপাশি এবার নতুন করে আরও দুটি বিশেষ কর্মসূচি যুক্ত করেছে দলটি।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী জানান, বিজয়ের মাস ডিসেম্বরজুড়ে দলীয় ও রাষ্ট্রীয় বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেবে বিএনপি। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করবে দলটি।

নতুন যুক্ত হওয়া কর্মসূচির বিষয়ে তিনি জানান, দীর্ঘ সংগ্রাম ও নির্বাসন শেষে দলের শীর্ষ নেতা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিন হিসেবে আগামী ২৫ ডিসেম্বর সম্মিলিতভাবে বিশেষ কর্মসূচি পালন করা হবে। অন্যদিকে, দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ৩০ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালন করবে বিএনপি। রুহুল কবির রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই যৌথ সভা ও সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com