বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
চাঁদপুরে সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এবং দলটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর পরিত্যক্ত বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার (১৮ নভেম্বর) রাতে আধঘণ্টার ব্যবধানে পৃথক দুটি স্থানে এ ঘটনা ঘটে। এতে সুজিত রায় নন্দীর গ্রামের বাড়ির অধিকাংশ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ৯টার দিকে চাঁদপুর শহরের নতুন বাজার এলাকার কদমতলা মার্কেটের তিনতলায় অবস্থিত ডা. দীপু মনির তালাবদ্ধ বাসায় তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এতে ভবনের অন্য বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ভবনের বাসিন্দা ও আশপাশের লোকজন দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ওই ভবনের পঞ্চম তলার বাসিন্দা অ্যাডভোকেট গাজী দুলাল জানান, চিৎকার শুনে নিচে নেমে এসে দীপু মনির পরিত্যক্ত বাসায় আগুন জ্বলতে দেখে সবাই মিলে তা নেভানোর চেষ্টা করেন। তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টও ওই বাসায় অগ্নিসংযোগ করা হয়েছিল এবং সেদিন ভেতরের সবকিছু পুড়ে যায়। এবার অবশিষ্ট পোড়া জিনিসপত্রেই নতুন করে আগুন দেওয়া হয়েছে, ফলে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, এ ধরনের কোনো ঘটনার খবর তারা পাননি; খোঁজখবর নিয়ে পরে বিস্তারিত জানাতে পারবেন।
অন্যদিকে, একই রাত সাড়ে ৯টার দিকে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কুমুরুয়া গ্রামে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। বালিয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য দীপু মিয়াজী জানান, কয়েকটি মোটরসাইকেলে করে একদল দুর্বৃত্ত এসে সুজিত রায় নন্দীর দোতলা বাড়িতে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে বাড়ির ভেতরের অধিকাংশ জিনিসপত্র পুড়ে যায়। পরে রাত সোয়া ১১টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।
চাঁদপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. আব্দুল্লাহ জানান, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই বাড়ির অধিকাংশ আসবাবপত্র পুড়ে যায় এবং পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।