রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

পহেলা ফাল্গুনে নেত্রকোনায় সাহিত্য উৎসব: সম্মাননা পাচ্ছেন দুই গুণী ব্যক্তিত্ব

পহেলা ফাল্গুনে নেত্রকোনায় সাহিত্য উৎসব: সম্মাননা পাচ্ছেন দুই গুণী ব্যক্তিত্ব

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোনার ঐতিহ্যবাহী ও মর্যাদাপূর্ণ ‘২৯তম খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার’-এর নাম ঘোষণা করা হয়েছে। এ বছর বাংলা কবিতায় অসামান্য অবদানের জন্য কবি আব্দুল হাই শিকদার এবং শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রফেসর ডক্টর আবদুল্লাহ আল মাসুমকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
গতকাল শনিবার (২৪ জানুয়ারি) নেত্রকোণা সাহিত্য সমাজের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
আয়োজকরা জানান, আগামী ১৪ ফেব্রুয়ারি (১ ফাল্গুন) বসন্তের প্রথম দিনে নেত্রকোনা জেলা শহরের মোক্তারপাড়ার বকুলতলায় দিনব্যাপী ২৯তম সাহিত্য উৎসব অনুষ্ঠিত হবে। এই উৎসবের বর্ণিল আয়োজনেই আনুষ্ঠানিকভাবে গুণী এই দুই ব্যক্তিত্বের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে।
মনোনীতদের সংক্ষিপ্ত পরিচিতি-
কবি আব্দুল হাই শিকদার: ১৯৫৭ সালে কুড়িগ্রামে জন্মগ্রহণকারী এই বিশিষ্ট কবি বর্তমানে দৈনিক যুগান্তরের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। লেখক ও গবেষক হিসেবে তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় ১২০টি। মানবতা ও সার্বভৌমত্বের পক্ষে তাঁর কলম সবসময়ই সোচ্চার।
ড. আবদুল্লাহ আল মাসুম:
১৯৭১ সালে নেত্রকোনার মোহনগঞ্জে জন্ম নেওয়া এই গবেষক গত দুই দশকেরও বেশি সময় ধরে বাংলার মুসলমানদের শিক্ষা, সমাজ ও সংস্কৃতি নিয়ে নিবিড় গবেষণা করছেন। তাঁর রচিত বেশ কিছু গবেষণা গ্রন্থ বর্তমানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠ্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে।
উৎসব সফল করতে নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি ম. কিবরিয়া চৌধুরী হেলিম এবং সাধারণ সম্পাদক তানভীর জাহান চৌধুরী এক যৌথ বিবৃতিতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com