মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার দাবিকে ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বলে আখ্যায়িত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সৎসাহস থাকলে অপরাধ স্বীকার করে শেখ হাসিনাকে দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৬ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, সরকারের কার্যকর পদক্ষেপের কারণে এবার মানুষ স্বস্তিতে ও নিরাপদ পরিবেশে ঈদ উদযাপন করতে পারছে। সড়কের অরাজকতা মোকাবিলায় সরকার তৎপর থাকায় এবার ঈদযাত্রায় বড় কোনো যানজট নেই এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও আগের চেয়ে অনেক ভালো।
তিনি আরও যোগ করেন, বর্তমান সরকার প্রথম ১০০ দিনে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে যে তৎপরতা দেখিয়েছে, আগামীতেও জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী তারেক রহমান বাস্তবায়ন করবেন। সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।