মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ঈদের ছুটির দ্বিতীয় দিনেও পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। আজ মঙ্গলবার ভোর থেকেই রাজধানীর মহাখালী বাস টার্মিনালে যাত্রীদের ভিড় দেখা গেছে। তবে অন্যান্য বছরের তুলনায় এবার মহাখালী টার্মিনালের চিত্র বেশ স্বাভাবিক।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে সব বাস নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে। অগ্রিম টিকিট কাটা যাত্রীরা কোনো ঝক্কি-ঝামেলা ছাড়াই বাসে উঠতে পারছেন। অন্যদিকে, যারা আগে টিকিট কাটেননি, তারাও কাউন্টারে এসে সহজে টিকিট পেয়ে যাচ্ছেন। ময়মনসিংহগামী এক যাত্রী জানান, কাউন্টারে এসে কিছুক্ষণ অপেক্ষা করেই টিকিট পেয়েছেন এবং বাসগুলো নিয়মিত ছেড়ে যাচ্ছে।
তবে গাবতলী বাস টার্মিনালে কিছু যাত্রী অতিরিক্ত ভাড়ার অভিযোগ করলেও মহাখালীতে তেমন কোনো অসঙ্গতি চোখে পড়েনি। এদিকে, রাতে বৃষ্টির কারণে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি গাড়ি যথাসময়ে টার্মিনালে পৌঁছাতে না পারায় দু-একটি কাউন্টারে যাত্রীদের কিছুটা অপেক্ষা করতে হচ্ছে। সব মিলিয়ে বড় কোনো যানজট না থাকলে সময়মতো বাড়ি পৌঁছানোর আশা করছেন যাত্রীরা।