মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ঈদুল আজহার আর মাত্র দুই দিন বাকি। ঘরমুখো মানুষের ঢলের মাঝেই দেশের বিভিন্ন প্রান্তে ঝরে গেল ২৮টি তাজা প্রাণ। সোমবার (২৫ মে) ভোর থেকে রাত পর্যন্ত দেশের ৯টি জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটে। ঈদের আনন্দ স্বজনদের সাথে ভাগাভাগি করতে গিয়ে অনেক পরিবারে এখন চলছে শোকের মাতম।
সবচেয়ে বড় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের কালিহাতীতে। কম খরচে বাড়ি ফিরতে বাসের বদলে রডবোঝাই ট্রাকে উঠেছিলেন কিছু যাত্রী। ভোর চারটার দিকে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে গেলে রডের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন। নিহতদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, কুষ্টিয়া ও নাটোর জেলায়।
এদিকে বগুড়ায় পৃথক দুটি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাবা-মেয়ে ও মা-মেয়েসহ ৪ জন। কিশোরগঞ্জের মিঠামইন অলওয়েদার সড়কে পিকআপের ধাক্কায় একই পরিবারের স্বামী, স্ত্রী ও সন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়া গোপালগঞ্জ, ঝালকাঠি, চাঁদপুরসহ অন্যান্য জেলাতেও সড়ক দুর্ঘটনায় আরও ৬ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অসংখ্য মানুষ। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধারকাজ পরিচালনা করেছে।