মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:২০ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
পবিত্র ঈদুল আজহার আনন্দ এবার কিছুটা ম্লান করতে পারে বৃষ্টি। ঈদের দিনসহ আগামী পাঁচ দিন দেশের অধিকাংশ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে চার বিভাগে ভারী বর্ষণের তীব্র সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আজ মঙ্গলবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রামের কিছু এলাকায় বজ্রবৃষ্টিসহ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আগামীকাল বুধবার থেকে এই বৃষ্টিপাতের পরিধি আরও বাড়বে। তবে বৃষ্টির কারণে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে আসতে পারে, যা ভ্যাপসা গরমে কিছুটা স্বস্তি দেবে।
বৃহস্পতিবার ঈদের দিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণ অব্যাহত থাকবে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী দিন অর্থাৎ শুক্রবারেও দেশের অধিকাংশ জায়গায় বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই পাঁচ দিন পার হওয়ার পরেও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। তাই ঈদের নামাজ ও কোরবানির প্রস্তুতির সময় আবহাওয়া পরিস্থিতি মাথায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।