মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:২০ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বিশ্বকাপ স্কোয়াড ঘোষণায় চরম চমক দেখাল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। অবিশ্বাস্য মনে হলেও, নিজেদের ২৬ সদস্যের চূড়ান্ত দলে দেশটির সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলারকে রাখেননি কোচ লুইস দে লা ফুয়েন্তে। ১৯৩৪ থেকে ২০২২ সাল পর্যন্ত স্পেনের ১৭টি বিশ্বকাপ অভিযানের ইতিহাসে এবারই প্রথম রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড় ছাড়াই বিশ্বমঞ্চে মাঠে নামবে তারা।
সোমবার (২৫ মে) রাতে ঘোষিত এই স্কোয়াডে সম্ভাব্য নাম হিসেবে আলোচনায় থাকা ডিন হুউসেন, আলভারো কারেরাস ও গনসালো গার্সিয়ার পাশাপাশি অভিজ্ঞ স্ট্রাইকার আলভারো মোরাতারও জায়গা হয়নি। মূলত রিয়াল মাদ্রিদের বর্তমান স্কোয়াড বিদেশিনির্ভর হওয়া, দানি কারভাহালের আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় এবং স্প্যানিশ তরুণদের ক্লাবে নিয়মিত সুযোগ না পাওয়ার প্রভাবই জাতীয় দলে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
২০১০ সালে বিশ্বকাপ জয়ের পর থেকে শেষ ষোলোর গণ্ডি পেরোতে না পারা স্পেন এবার ২০২৪ সালের ইউরো শিরোপাজয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আসন্ন বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে স্পেনের প্রতিপক্ষ কেপ ভার্দে, সৌদি আরব ও উরুগুয়ে।
২৬ সদস্যের চূড়ান্ত স্প্যানিশ স্কোয়াড:
গোলরক্ষক: উনাই সিমন, ডেভিড রায়া ও হুয়ান গার্সিয়া।
ডিফেন্ডার: মার্ক কুকুরেয়া, আলেহান্দ্রো গ্রিমালদো, পাউ কুবারসি, আইমেরিক লাপোর্তে, মার্ক পুবিল, এরিক গার্সিয়া, মার্কোস ইয়োরেন্তে ও পেড্রো পোরো।
মিডফিল্ডার: পেদ্রি, ফাবিয়ান রুইজ, মার্তিন জুবিমেন্দি, গাভি, রদ্রিগো হার্নান্দেজ (রদ্রি), অ্যালেক্স বায়েনা ও মিকেল মেরিনো।
ফরোয়ার্ড: লামিন ইয়ামাল, মিকেল ওয়ারজাবাল, দানি ওলমো, নিকো উইলিয়ামস, ইয়েরেমি পিনো, ফেরান তোরেস, বোর্হা ইগলেসিয়াস ও ভিক্টর মুনিয়োজ।