সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ঝিনাইদহ: বিএনপি সরকার আওয়ামী লীগের পথে হাঁটতে শুরু করেছে বলে অভিযোগ করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, সরকার পুলিশকে দলীয় লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে এবং স্বাধীন বিচার ব্যবস্থার ওপর হস্তক্ষেপ করছে।
সোমবার (২৫ মে) ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে স্থানীয় এনসিপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গত শুক্রবার ঝিনাইদহে এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও পরবর্তীতে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজাসহ তিনজনকে গ্রেপ্তারের প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। (উল্লেখ্য, গ্রেপ্তার হওয়া এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা সোমবার সকালে জামিনে মুক্তি পেয়েছেন)।
সংবাদ সম্মেলনে হাসনাত আবদুল্লাহ বলেন, “জেলা আদালতগুলোতে কী রায় হবে, কে জামিন পাবে—সব কিছু রিমোট কন্ট্রোলের মতো ঢাকা থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের পর আশা ছিল পুলিশ জনগণের বাহিনী হবে, কিন্তু কর্মকর্তারা সরকারের দলীয় সমর্থক হিসেবে পরিচয় দিচ্ছেন।
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, আওয়ামী লীগ এসব কারণেই জনরোষে পড়ে বিদায় নিয়েছে। এই সরকারও যদি একই পথ বেছে নেয়, তবে তা মেনে নেওয়া হবে না। আমরা যখন নিজেরা লড়ছি, তখন ভারতে বসে আওয়ামী লীগ হাসছে।
সংবাদ সম্মেলন শেষে এনসিপি নেতাকর্মীরা শহর জুড়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন। এতে বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা ও মুখ্য সমন্বয়ক রিফাত রশিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।