বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় দরপতন ঘটেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ওমানের মধ্যস্থতায় হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার আলোচনা ইতিবাচকভাবে এগোনোর খবরে মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববাজারে তেলের দাম তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বাজারের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের (Brent Crude) দাম প্রায় ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮০ ডলারের নিচে নেমে এসেছে। একই সঙ্গে মার্কিন অপরিশোধিত তেল ডব্লিউটিআই-এর (WTI) দামও ৫ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৭৬ ডলারে নেমেছে, যা গত ১৩ জুলাইয়ের পর সর্বনিম্ন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করার আলোচনায় অগ্রগতি হয়েছে এবং খুব শিগগিরই চুক্তি হতে পারে। অন্যদিকে ইরান ওয়াশিংটনের সঙ্গে সরাসরি আলোচনার কথা অস্বীকার করলেও মধ্যস্থতাকারী ওমানের মাধ্যমে আলোচনা ইতিবাচকভাবে এগোনোর বিষয়টি নিশ্চিত করেছে।
বিশ্বের মোট তেল ও এলএনজি (LNG) পরিবহণের প্রায় এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালি দিয়েই হয়ে থাকে। গত ফেব্রুয়ারিতে সংঘাত শুরুর পর থেকে প্রণালিটি বন্ধ থাকায় বিশ্ববাজারে তেলের দাম ও সরবরাহে অস্থিরতা তৈরি হয়েছিল। হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার এই নতুন কূটনৈতিক তৎপরতা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের স্বস্তির ইঙ্গিত দিচ্ছে।