বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনে হতাহত প্রতিটি ঘটনার স্বচ্ছ, নিরপেক্ষ ও প্রতিহিংসাহীন আইনি বিচারের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) রাজধানীর শেরে বাংলা নগরে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর স্মৃতিফলক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি বা দলের নয়, এর আসল মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, আর ২০২৪ সালের অভ্যুত্থান ছিল সেই স্বাধীনতা রক্ষার লড়াই। তিনি জানান, এই জাদুঘর কেবল ২৪-এর স্মারক নয়, বরং দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের সত্য ও নির্ভরযোগ্য ইতিহাস সংরক্ষণ করবে। ইতিহাস বিকৃতি এড়াতে এখানে বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরার ওপর জোর দেন তিনি।
আহতদের চিকিৎসার বিষয়ে তিনি জানান, গেজেটভুক্ত ১৩ হাজারের বেশি জুলাই যোদ্ধাকে নিয়মিত ভাতা দেওয়া হচ্ছে এবং গুরুতর আহত ৫০ জনকে বিদেশ পাঠিয় চিকিৎসা প্রদান করা হচ্ছে। এছাড়া রাষ্ট্র গঠনে ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের কাজ চলছে বলেও উল্লেখ করেন তিনি। একই সাথে, দেশকে অস্থির করার যেকোনো চক্রান্ত প্রতিরোধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।