বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য অব্যাহতি পাওয়া যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ আগস্ট) ভোর ৪টার দিকে ঢাকা থেকে বগুড়া জেলা বিএনপির এক নেতার মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
তানভীরের গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এক ফেসবুক পোস্টে তিনি জানান, হবিগঞ্জ ও সিলেটের হামলা প্রসঙ্গে তানভীর তারেক রহমানকে নিয়ে এক লাইনের একটি পোস্ট দিয়েছিলেন। বিষয়টি নিয়ে আপত্তি ওঠার পর তিনি তা মুছে ফেলে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেন এবং এনসিপির পক্ষ থেকেও তাঁকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। দলীয় ব্যবস্থা নেওয়ার পরও পুলিশ ও বিএনপি ‘ক্ষমতা দেখাল’ বলে ক্ষোভ প্রকাশ করেন সারজিস আলম। তিনি অভিযোগ করেন, দীর্ঘ ১৬ বছর বিএনপি যে জুলুমের শিকার ছিল, ক্ষমতার পালাবদলের পর তারাই আবার একই আচরণ শুরু করেছে।
এর আগে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে তানভীরকে কারণ দর্শানোর নোটিশসহ সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ২১ এপ্রিলেও সরকারি চাকরিতে নিয়োগে অনিয়ম ও কমিশন-বাণিজ্যের অভিযোগে তাঁকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল।