বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
‘যাদের স্থানীয় সরকারের কমিশনার বা মেম্বার হওয়ার যোগ্যতা ছিল না, তারা জুলাই গণঅভ্যুত্থানকে ব্যবহার করে উপদেষ্টা হয়েছেন’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।
মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীতে বিএনপি আয়োজিত ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।
আলোচনা সভায় আন্দালিব রহমান পার্থ বলেন, “জুলাই ছাড়া আমাদের প্রত্যেকেরই নিজস্ব রাজনৈতিক পরিচয় রয়েছে। কিন্তু কিছু মানুষ এই জুলাইকে ব্যবহার করে নিজেদের পরিচয় তৈরি করতে চাচ্ছেন, যাদের পূর্বে কোনো রাজনৈতিক ভিত্তি ছিল না।” ক্রিকেটের উদাহরণ টেনে তিনি আরও বলেন, “ছয় বলে হয়তো তারা ১২ রান করেছে, কিন্তু বাকি ৩০০ রান আমরা করেছি। এখন তারা পুরো আন্দোলনকে নিজেদের বলে বিক্রি করতে গিয়ে মূল অর্জনকেই ছোট করছে।”
বক্তব্যে আওয়ামী সরকারের ১৭ বছরের শাসনের প্রসঙ্গ তুলে ধরে বিজেপি চেয়ারম্যান বলেন, রাজনৈতিক দলগুলোর আলোচনার সময় মূল অপরাধীদের ভুলে গেলে চলবে না। যারা এতদিন দেশের শাসনব্যবস্থাকে দুর্নীতিগ্রস্ত করেছে এবং যাদের সীমাহীন নির্যাতনের কারণে জুলাইয়ের গণজাগরণ ঘটেছে, তাদের বিষয়ে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।