বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির জেরে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন বহিরাগত এবং সব ধরনের যানবাহন প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল এবং রংপুর মহানগর ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা ক্যাম্পাসের সংলগ্ন এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেন। এর আগে সোমবার রাতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে ৫ জন আহত হওয়ার পর থেকেই ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান এক বিজ্ঞপ্তিতে জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অতিথি, দর্শনার্থীসহ বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শওকাত আলী জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন সজাগ রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে আছে। তাজহাট থানার ওসি রফিকুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত ও পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।