বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
রাজধানীর গুলশানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিলের বিষয়ে আগাম গোয়েন্দা তথ্য ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে নির্দিষ্ট সময়ে সেখানে এমন ঘটনা ঘটতে পারে তা পুলিশ ধারণা করতে পারেনি উল্লেখ করে তিনি দাবি করেন, এটিকে কোনোভাবেই পুলিশ বা গোয়েন্দাদের ব্যর্থতা বলা যাবে না; ঘটনার পরপরই যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ ফজরের নামাজের পর কিংবা জুমার নামাজের সময় গোপনে অল্পসংখ্যক লোক নিয়ে ঝটিকা মিছিল ও ভিডিও ধারণের অপতৎপরতা চালাচ্ছে। গুলশানের ঘটনার ক্ষেত্রেও জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
এদিকে, জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মোটরসাইকেলে আসা দুই হামলাকারীকে শনাক্ত করা হয়েছে। প্রাথমিকভাবে তারা আওয়ামী লীগের দুষ্কৃতকারী বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি বড় কিছু নয় উল্লেখ করে তিনি জানান, ট্রাইব্যুনালের রায়ে সরকার সন্তুষ্ট এবং এ রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।