বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাতজনের ফাঁসির রায় ঘোষণার প্রতিক্রিয়া হিসেবেই হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, ঘটনাটি বড় কোনো বিষয় নয় এবং সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হাইকোর্টের সামনে দুজন দুষ্কৃতকারী ককটেল ছুড়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করা হয়েছে।’ তিনি আরও উল্লেখ করেন, ফ্যাসিবাদী দোসরদের বিরুদ্ধে ঘোষিত রায়ের প্রতিক্রিয়াতেই এই ঘটনা ঘটানো হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় প্রসঙ্গে তিনি বলেন, আদালত সম্পূর্ণ স্বাধীন এবং নিয়ম মেনেই এই বিচারকাজ সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে দেশবাসী ও ভুক্তভোগীরা সুবিচার পেয়েছেন।
নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও অপতৎপরতা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গুলশানে জুমার নামাজ পড়ার কথা বলে কিছু লোক জড়ো হয়ে মিছিল করার চেষ্টা করেছিল। পুলিশ বিষয়টিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়েছে, তাই এটিকে পুলিশের ব্যর্থতা বলার সুযোগ নেই।