বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
দীর্ঘ আন্দোলন ও ত্যাগের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক পরিবেশকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং তা রক্ষা করাই এখন দেশের সবচেয়ে বড় দায়িত্ব বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত নাগরিক সংবর্ধনা ও সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির সুযোগ এসেছে, যা কোনোভাবেই অবহেলায় হারানো যাবে না। শুধু নির্বাচন করলেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না উল্লেখ করে তিনি সংসদকে কার্যকর করা এবং জাতীয় স্বার্থের ইস্যুতে সরকারি ও বিরোধী দলের মধ্যে ঐকমত্যের ওপর গুরুত্ব দেন। এছাড়া দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য রাষ্ট্র গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সিলেটের ইতিহাস-ঐতিহ্যের প্রশংসা করে রাষ্ট্রপতি স্থানীয় উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে উদ্যোগী হওয়ার আহ্বান জানান।
সমাবেশে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।