সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক অভিযান স্থগিতের ঘোষণা দেওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ৪ ডলারের বেশি কমেছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুড ফিউচারস-এর দাম ৪.৬৪ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৩.৮৫ ডলারে নেমে এসেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৪.৭৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮০.৬৬ ডলারে দাঁড়িয়েছে।
সামরিক পদক্ষেপের বদলে কূটনৈতিক আলোচনার ইঙ্গিতে মধ্যপ্রাচ্যে তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা কমেছে। গত মাসে দুই দেশের সংঘাত ও তেল ট্যাংকারে হামলার জেরে তেলের দাম ২০ শতাংশের বেশি বাড়লেও, সাম্প্রতিক উত্তেজনার প্রশমনে বাজারে এই পতন দেখা গেল। তবে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি অনিশ্চিত থাকায় তেলের দামে অস্থিরতা থেকে যাওয়ার পূর্বাভাস দিচ্ছেন বিশ্লেষকরা।