সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ইরানের ওপর নতুন হামলা স্থগিত রাখা ও নতুন কূটনৈতিক আলোচনার সম্ভাবনায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৫ শতাংশের বেশি কমেছে। এর প্রভাবে বিশ্ববাজারে ফের ঊর্ধ্বমুখী হয়েছে স্বর্ণের দাম।
সোমবার (৩ আগস্ট) লেনদেনের শুরুতে স্পট গোল্ডের দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,০৫৫.৭৬ ডলারে দাঁড়ায়। পাশাপাশি যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারের দাম ০.৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,০৫৪ ডলারে পৌঁছেছে। এছাড়া ইয়েন শক্তিশালী করতে জাপানের হস্তক্ষেপে ডলার দুর্বল হওয়ায় বিদেশি ক্রেতাদের জন্য স্বর্ণ কেনা তুলনামূলক সাশ্রয়ী হয়েছে।
কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার জানান, মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও সুদের হার নিয়ে অনিশ্চয়তার কারণে স্বর্ণের দাম ইতিবাচক হলেও এর ঊর্ধ্বগতি আপাতত সীমিত।
এদিকে স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারও চাঙ্গা রয়েছে। স্পট রূপার দাম ০.৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৮.১৩ ডলার, প্লাটিনাম ০.৫ শতাংশ বেড়ে ১,৬৪৯.৩৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১.৭ শতাংশ বেড়ে ১,২৯৪.৯২ ডলারে পৌঁছেছে।