বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’। আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে দর্শনার্থীরা রাজধানীর শেরেবাংলা নগরের সাবেক গণভবনে গড়ে তোলা ১৭ একরের এই ঐতিহাসিক জাদুঘর ঘুরে দেখতে পারছেন। এর আগে বুধবার জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
রাজধানীর ১৭ একর বিস্তৃত সাবেক গণভবনে গড়ে ওঠা এই জাদুঘরে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ, শহীদদের রক্তমাখা পোশাকসহ ব্যবহৃত সামগ্রী, ‘গণতন্ত্রের পথে দীর্ঘ যাত্রা’ শীর্ষক প্রদর্শনী এবং প্রতীকী ‘আয়নাঘর’ সংরক্ষণ করা হয়েছে। প্রাথমিক অবস্থায় প্রতিদিন নির্ধারিত ৩টি শিফটে (সকাল ১১টা–১টা, দুপুর ১টা–৩টা এবং বিকেল ৪টা–৬টা) মোট ৯০০ জন দর্শনার্থী প্রবেশের সুযোগ পাবেন। টিকিটের মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য ৫০ টাকা ও শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা অনলাইন ও কাউন্টার উভয় স্থান থেকেই সংগ্রহ করা যাবে।