মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বলিউড অভিনেতা রণবীর সিংকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। ‘ডন ৩’ সিনেমা থেকে হঠাৎ সরে দাঁড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে অসহযোগিতার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই)। এমনকি সংগঠনটি তাকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্তও নিয়েছে বলে জানা গেছে।
সোমবার এক সংবাদ সম্মেলনে সংস্থার প্রধান উপদেষ্টা অশোক পণ্ডিত জানান, শুটিং শুরুর মাত্র তিন সপ্তাহ আগে রণবীর সিনেমাটি থেকে সরে দাঁড়ানোয় প্রযোজনা সংস্থা প্রায় ৪৫ কোটি রুপির ক্ষতির মুখে পড়েছে। এই জটিলতায় পরিচালক ফারহান আখতার গত ১১ এপ্রিল রণবীরের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বিষয়টি নিয়ে বৈঠকের আয়োজন করা হলেও রণবীর সিং কোনো জবাব দেননি। উল্টো তার টিম ই-মেইলে জানায়, এ বিষয়ে হস্তক্ষেপের কোনো অধিকার ফেডারেশনের নেই। এর প্রেক্ষিতে ফেডারেশনের সভাপতি বিএন তিওয়ারি ক্ষোভ প্রকাশ করে বলেন, “কেউ যত বড় তারকাই হোন না কেন, তিনি নিয়মের ঊর্ধ্বে নন।” তিনি জানান, একটি সিনেমার সঙ্গে হাজারো মানুষের জীবিকা জড়িত। তাই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত ফেডারেশনের কোনো সদস্য রণবীরের সঙ্গে কাজ করবেন না।