রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ: হাইকোর্ট

চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ: হাইকোর্ট

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি প্রক্রিয়ার বৈধতা নিয়ে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে এই টার্মিনাল পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পন্ন করতে বন্দর কর্তৃপক্ষের সামনে আর কোনো আইনি বাধা রইল না।

বৃহস্পতিবার বিচারপতি জাফর আহমেদের একক হাইকোর্ট বেঞ্চ এই রায় প্রদান করেন। এর আগে গত ৪ ডিসেম্বর এই ইস্যুতে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে বিভক্তি রায় এসেছিল। তৎকালীন জ্যেষ্ঠ বিচারপতি চুক্তি প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করলেও কনিষ্ঠ বিচারপতি রিটটি খারিজ করে চুক্তির পক্ষে মত দেন। পরবর্তীতে প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চে পাঠান, যেখানে আজ চূড়ান্ত সিদ্ধান্ত এলো।

উল্লেখ্য, গত ৩০ জুলাই ‘বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরাম’-এর পক্ষে মির্জা ওয়ালিদ হোসাইন এই রিটটি দায়ের করেন। রিটে যথাযথ প্রতিযোগিতামূলক দরপত্র (বিডিং) নিশ্চিত না করে বিদেশি প্রতিষ্ঠানের হাতে টার্মিনাল ছেড়ে দেওয়ার প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছিল। আজকের রায়ের পর এনসিটি পরিচালনার দায়িত্ব এখন বিদেশি অপারেটরের হাতে যাওয়ার পথ সুগম হলো।

আদালতে রিটের পক্ষে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও অ্যাডভোকেট আহসানুল করিম শুনানি করেন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com