বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে ও কৃত্রিম সংকট মোকাবিলায় দেশে প্রথমবারের মতো চালু হলো মোবাইল অ্যাপ ভিত্তিক ‘ফুয়েল পাশ’ পাইলটিং কার্যক্রম। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয় জানায়, বর্তমানে ম্যানুয়াল পদ্ধতিতে জ্বালানি বিতরণের কারণে ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি ও বিতরণে বিলম্ব হচ্ছে। অনেক ক্ষেত্রে একই ব্যক্তি বারবার লাইনে দাঁড়িয়ে জ্বালানি সংগ্রহ করায় কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। এই সমস্যা সমাধানে নতুন এই ডিজিটাল সিস্টেমটি বিআরটিএর (BRTA) কেন্দ্রীয় ডাটাবেসের সঙ্গে যুক্ত থেকে রিয়েল-টাইম মনিটরিং নিশ্চিত করবে। যাদের স্মার্টফোন নেই, তারা ওয়েবসাইট থেকে কিউআর (QR) কোড প্রিন্ট করে এই সুবিধা নিতে পারবেন।
প্রাথমিকভাবে ঢাকার তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন ও আসাদগেটের সোনারবাংলা ফিলিং স্টেশনে মোটরসাইকেলের জন্য এই পাইলটিং শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের সকল যানবাহনের জন্য এই অ্যাপটি উন্মুক্ত করা হবে। এর ফলে জ্বালানি অপচয় ও অনিয়ম কমবে এবং জাতীয় জ্বালানি নিরাপত্তা আরও সুসংহত হবে বলে আশা করছে সংশ্লিষ্ট বিভাগ।