বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণা আলো ডটকম:
জ্বালানি সংকট ও যানজট নিরসনে শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এখন থেকে নির্বাচিত কিছু শিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাস বা ‘ব্লেন্ডেড’ শিক্ষা পদ্ধতি চালু হতে যাচ্ছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই সিদ্ধান্তের কথা জানান।
নতুন এই নিয়ম অনুযায়ী, সপ্তাহে ছয় দিন ক্লাস হবে এবং শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। এর মধ্যে শনি, সোম ও বুধবার শিক্ষার্থীরা সরাসরি স্কুলে উপস্থিত হয়ে ক্লাস করবে। আর রবি, মঙ্গল ও বৃহস্পতিবার ক্লাস হবে অনলাইনে। তবে শিক্ষকদের প্রতিদিন সশরীরে প্রতিষ্ঠানে উপস্থিত থাকতে হবে।
শিক্ষামন্ত্রী জানান, আগামী সপ্তাহ থেকেই ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো সক্ষম প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষামূলকভাবে এই পদ্ধতি শুরু হবে।