সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

মির্জাপুরে ভাইয়ের হাতে খুন ভাই, রেল লাইনে তরুণের লাশ

মির্জাপুরে ভাইয়ের হাতে খুন ভাই, রেল লাইনে তরুণের লাশ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই খোরশেদ মিয়া (৬০) নিহত হয়েছেন। সোমবার (২৫ মে) সকাল ১১টার দিকে উপজেলার জামুর্কী ইউনিয়নের বানিয়ারা উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত খোরশেদ ওই গ্রামের মৃত কিতাব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ভাতিজার নির্মাণাধীন ভবনের ছাদে ধান শুকাতে যান খোরশেদ মিয়া। ছাদে জমে থাকা পানি বের করার জন্য তিনি ছাদের বাঁধের একটি অংশ ভেঙে দিলে সেই পানিতে নিচে থাকা ছোট ভাই রোমেজ মিয়ার ধান ভিজে যায়। এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। নিহতের স্ত্রী হাছনা বেগমের অভিযোগ, বিবাদের একপর্যায়ে রোমেজ তার স্বামীকে কোদাল দিয়ে আঘাত করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে খোরশেদ মিয়ার মৃত্যু হয়।

মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত রোমেজ মিয়া পলাতক রয়েছেন এবং আইনি প্রক্রিয়া চলমান আছে।

এদিকে একই দিন সকালে মির্জাপুর রেল স্টেশনের পশ্চিম পাশ থেকে অজ্ঞাত এক তরুণের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। স্টেশন মাস্টার কামরুল হাসানের ধারণা, ট্রেনের ছাদ থেকে পড়ে ওই তরুণের মৃত্যু হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com