মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ময়মনসিংহের ভালুকায় সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত মূল্যে এলপি গ্যাস বিক্রির দায়ে দুটি পাইকারি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার সিডস্টোর ও হবিরবাড়ী এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব-১৪ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
অভিযানে মেসার্স এন এন এন্টারপ্রাইজ এবং মীম এন্টারপ্রাইজকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহের সহকারী পরিচালক আব্দুস ছালামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এসময় র্যাব-১৪ এর সহকারী পুলিশ সুপার লুৎফা বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সহকারী পরিচালক আব্দুস ছালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে। এলপি গ্যাসের বাজারের সিন্ডিকেট ভাঙতে এবং সাধারণ মানুষের জন্য দাম সহনীয় পর্যায়ে রাখতে এমন নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।