শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা: ভোটগ্রহণ ২০ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা: ভোটগ্রহণ ২০ আগস্ট

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এই নির্বাচনী তফসিল ঘোষণা করেন। ঘোষিত সময়সূচী অনুযায়ী, একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশনকক্ষে ভোটগ্রহণ হবে। তবে একক প্রার্থী থাকলে আগামী ১৬ আগস্ট বাছাইয়ের দিনই নতুন রাষ্ট্রপতি বিজয়ী ঘোষিত হতে পারেন। এই নির্বাচনে নির্বাচনীকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, গত ২৪ জুলাই সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় সংবিধান অনুযায়ী বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

এদিকে রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তৎপরতা শুরু হয়েছে। ক্ষমতাসীন দল বিএনপির নীতিনির্ধারণী পর্যায় থেকে জানা গেছে, প্রার্থী চূড়ান্ত করার একক ক্ষমতা দেওয়া হয়েছে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে। তবে রাষ্ট্রপতি পদে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। অন্যদিকে, বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলামের নাম জোরালোভাবে বিবেচনায় রয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com