সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
দুবাই: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে যখন চরম অস্থিরতা বিরাজ করছে, তখন ১০ দিনের যুদ্ধবিরতির খবরে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশী প্রবাসীরা। তবে এই স্বস্তি ছাপিয়ে তাদের মনে কাজ করছে স্থায়ী শান্তি আর কর্মসংস্থান হারানোর দীর্ঘশ্বাস।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে শুরু হওয়া সংঘাতের আঁচ সরাসরি লেগেছে প্রবাসীদের কর্মজীবনে। বিশেষ করে ইরান ‘হরমুজ প্রণালী’ বন্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি এবং সরবরাহ সংকটে থমকে গেছে অনেক বাণিজ্যিক কার্যক্রম। এর বড় প্রভাব পড়েছে দুবাইয়ের পর্যটন ও নির্মাণ খাতে। স্বাভাবিকের চেয়ে পর্যটক কমে যাওয়ায় কাজ হারিয়ে অনেক বাংলাদেশী প্রবাসী এখন মানবেতর জীবন যাপন করছেন।
দুবাইয়ে অবস্থানরত প্রবাসীরা জানান, ১০ দিনের এই যুদ্ধবিরতি তাদের জন্য সাময়িক স্বস্তি নিয়ে এলেও উৎকণ্ঠা কাটেনি। তারা বলছেন, “অস্থায়ী বিরতি নয়, আমরা স্থায়ী যুদ্ধ বন্ধ চাই। যুদ্ধ অনেক প্রবাসীকে কর্মহীন করে দিয়েছে। আমরা চাই আলোচনা আর কূটনৈতিক উপায়ে দ্রুত শান্তি ফিরে আসুক, যাতে প্রবাসীরা স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।”
উল্লেখ্য, স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের লক্ষ্যে বিশ্বনেতারা বর্তমানে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে।