বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার ১১তম অতিরিক্ত মহানগর দায়রা জজ নুরুল ইসলাম শুনানি শেষে এ জামিন আবেদন নাকচ করেন।
আদালতে ডনের পক্ষে শুনানি করেন আইনজীবী তারিকুল ইসলাম জুয়েল। এর আগে গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাঁকে সিআইডির কাছে হস্তান্তর করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত ১২ আগস্ট ঢাকার সিএমএম আদালত জামিন নামঞ্জুর করার পর দায়রা আদালতে পুনরায় জামিনের আবেদন করা হয়েছিল।
এদিকে, মামলার তদন্তকারী কর্মকর্তা গত ২০ আগস্ট ডনকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছেন। আগামী ২৭ আগস্ট আসামির উপস্থিতিতে রিমান্ড আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুর পর দীর্ঘ তদন্ত প্রক্রিয়া (সিআইডি, বিচার বিভাগীয় তদন্ত ও পিবিআই) ও আইনি লড়াই শেষে আদালতের নির্দেশে হত্যা মামলা দায়ের করা হয়। রিভিশন আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের আদেশের পর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তাঁর ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা মডেল থানায় এ হত্যা মামলাটি দায়ের করেন।