বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (আজ) দেওয়া এক বাণীতে তিনি বলেন, ‘মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও সুমহান আদর্শ দেশের তরুণ প্রজন্মের জন্য হতে পারে এক অনন্য প্রেরণার উৎস।’
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, মহানবী (সা.)-এর শুভাগমন মানবজাতির ইতিহাসে এক মহিমান্বিত ঘটনা। তিনি সত্য, ন্যায়, সাম্য, মানবতা ও শান্তির শিক্ষা দিয়ে একটি কল্যাণমুখী সমাজের ভিত্তি স্থাপন করেছিলেন। পবিত্র কুরআনের শিক্ষার বাস্তব প্রতিফলন ছিল তাঁর জীবন। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মর্যাদা প্রতিষ্ঠা এবং অসহায় ও প্রান্তিক মানুষের অধিকার রক্ষায় তিনি আজীবন কাজ করে গেছেন।
বর্তমান বৈশ্বিক অস্থিরতা ও নৈতিক অবক্ষয়ের প্রেক্ষাপট তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী যুদ্ধ, সংঘাত ও বৈষম্যের এই সময়ে রাসুলুল্লাহ (সা.)-এর ক্ষমা, সহনশীলতা ও ভ্রাতৃত্বের শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক।
তরুণদের প্রতি গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘আমাদের তরুণদের মাদক, সন্ত্রাস ও অপরাধের পথ থেকে দূরে রেখে জ্ঞান, নৈতিকতা ও দেশপ্রেমের চেতনায় গড়ে তুলতে রাসুল (সা.)-এর আদর্শই সেরা পথপ্রদর্শক।’ মহানবীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে পারস্পরিক শ্রদ্ধা ও ন্যায়ভিত্তিক একটি মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।