বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

গণপতির স্ত্রী-মেয়েকে ধর্ষণের আলামত মেলেনি: চিকিৎসক

গণপতির স্ত্রী-মেয়েকে ধর্ষণের আলামত মেলেনি: চিকিৎসক

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে এবং নিহত মা-মেয়েকে হত্যার আগে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে ফরেনসিক বিভাগ।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ও ময়নাতদন্তকারী চিকিৎসক বাবলু কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।

ডা. বাবলু কুমার বিশ্বাস জানান, নিহত প্রীতিলতা চক্রবর্তী ও তার মেয়ে আগমনী চক্রবর্তীর সংগৃহীত সোয়াব নমুনা মাইক্রোবায়োলজি ল্যাবে পরীক্ষা করে ধর্ষণের বা ধর্ষণ চেষ্টার কোনো প্রমাণ মেলেনি। এছাড়া কোনো ভারী অস্ত্রের আঘাত বা শরীরে কাটাছেঁড়ার চিহ্ন নেই; তাদের প্রত্যেককেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মুখে অ্যাসিড বা রাসায়নিক পদার্থ দিয়ে ঝলসে দেওয়ার গুঞ্জন নাকচ করে তিনি বলেন, কয়েক দিন মরদেহ পড়ে থাকায় স্বাভাবিক পচনের কারণে চেহারায় পরিবর্তন ও তরল পদার্থ দেখা গেছে।

এর আগে, শনিবার (২২ আগস্ট) রাতে মাছুয়াপাড়ার বাসা থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে আগমনী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রীয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহত গণপতির বড় ভাই গোপিনাথ চক্রবর্তী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ জানায়, বাসার ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় সিদ্ধার্থ ও মুগ্ধ নামের দুই যুবক একে একে চারজনকেই শ্বাসরোধে হত্যা করে। অভিযুক্ত দুজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com