মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
রাজনৈতিক প্রতিহিংসার কারণে কোনো দলের নেতাকর্মী যেন অন্যায়ভাবে কারাবন্দি বা আটক না থাকে, বর্তমান সরকার তা নিশ্চিত করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
মঙ্গলবার (২৫ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) সাম্প্রতিক প্রতিবেদনের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “গত ১৭ বছরে বাংলাদেশে যে মাত্রায় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, তা নজিরবিহীন। এর বড় ভুক্তভোগী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর নেতাকর্মীরা। আমরা কখনোই চাইব না অতীতে ঘটে যাওয়া ফ্যাসিস্ট শাসনব্যবস্থা বর্তমান বা ভবিষ্যতে ফিরে আসুক। আমরা প্রতিটি নাগরিকের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর।”
জুলাই-আগস্টের অভ্যুত্থান-পরবর্তী মামলা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, গণঅভ্যুত্থানের পর অনেক মামলা হয়েছে। এর মধ্যে প্রকৃত অপরাধী এবং গুম-খুনের নির্দেশদাতাদের বিরুদ্ধে যৌক্তিক মামলা যেমন রয়েছে, তেমনি অতি উৎসাহী হয়ে করা কিছু মামলাও রয়েছে।
প্রতিমন্ত্রী আরও স্পষ্ট করেন, আইন মন্ত্রণালয় ইতিমধ্যে জানিয়েছে যে ভিত্তিহীন বা অতি উৎসাহী হয়ে করা মামলাগুলো খতিয়ে দেখা হবে। পর্যালোচনায় কোনো সত্যতা না পাওয়া গেলে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ এবং দেশে মানবাধিকার সুরক্ষায় সম্পূর্ণরূপে সচেষ্ট রয়েছে।