বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

প্রাথমিক শিক্ষকদের জন্য পে-স্কেল হচ্ছে: ববি হাজ্জাজ

প্রাথমিক শিক্ষকদের জন্য পে-স্কেল হচ্ছে: ববি হাজ্জাজ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন নীতিমালা তৈরি হচ্ছে এবং প্রাথমিক শিক্ষক ও খাত সংশ্লিষ্টদের জন্য আলাদা পে-স্কেল গঠনের কাজ চলছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে রাজশাহীর পিটিআই সভাকক্ষে ‘বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও প্রশাসনিক কাঠামোর সংস্কার’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, প্রাইভেট শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যৌক্তিক ফি নিতে পারবে, তবে অতিরিক্ত ফি আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী বছরের মধ্যে সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে পোশাক দেওয়া হবে এবং কর্মমুখী শিক্ষার অংশ হিসেবে চালু করা হবে ‘তৃতীয় ভাষা’ শিক্ষা।

কাগুজে প্রতিবেদনের চেয়ে বাস্তব শিখনফলকে গুরুত্ব দিয়ে ববি হাজ্জাজ বলেন, “শিক্ষক ও শিক্ষার্থীর প্রকৃত উপস্থিতি এবং শ্রেণিকক্ষের বাস্তব অগ্রগতি সরাসরি পর্যবেক্ষণ করা হবে। আমাদের লক্ষ্য—প্রতিটি শিশু বিদ্যালয়ে থাকবে এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত হবে।” তিনি আরও জানান, প্রাথমিক শিক্ষায় বড় ধরনের কাঠামোগত পরিবর্তন আনতে দেশের আটটি বিভাগেই ধারাবাহিক কর্মশালা ও ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলীর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক শহীদুল ইসলামসহ বিভাগের শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com