বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
জ্বালানি ঘাটতি, বিদ্যুৎকেন্দ্রের যান্ত্রিক ত্রুটি, রক্ষণাবেক্ষণ কাজ, গ্রিডের সীমাবদ্ধতা এবং অতিরিক্ত চাহিদার কারণেই দেশজুড়ে বিদ্যুৎ ঘাটতি ও লোডশেডিংয়ের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
মঙ্গলবার (২৫ আগস্ট) এক বার্তায় বিদ্যুৎ বিভাগ জানায়, সক্ষমতা থাকা সত্ত্বেও জ্বালানি সংকট ও কারিগরি কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে এবং কোনো নির্দিষ্ট এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎহীন অবস্থা এড়াতে রাজধানীতে লোডশেডিং সমন্বয় করে সাশ্রয়কৃত বিদ্যুৎ গ্রামাঞ্চলসহ দেশের অন্যান্য অঞ্চলে পুনর্বণ্টনের উদ্যোগ নেওয়া হয়েছে।
ঢাকার দুই বিতরণ সংস্থা ডিপিডিসি ও ডেসকো এলাকায় এই সমন্বয়ের ফলে ঢাকার বাইরের শিল্প-কারখানা ও গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং লোডশেডিংয়ের চাপ সুষমভাবে বণ্টন করা সম্ভব হচ্ছে।
বিদ্যুৎ বিভাগ আরও জানায়, সরবরাহ ব্যবস্থায় ভারসাম্য রক্ষা করাই তাদের মূল লক্ষ্য। জ্বালানি সরবরাহ স্বাভাবিক হওয়া, বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন পুরোপুরি চালু হওয়া এবং গ্রিডের সীমাবদ্ধতা দূর হলে দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে।