সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি জোরেশোরে শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে দুর্গাপূজা, বর্ষা, বন্যা ও শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষার সময়সূচির মতো বিষয়গুলো বিবেচনায় রেখে নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ নির্ধারণ করা হবে।
সোমবার (২৪ আগস্ট) নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন এ তথ্য জানান। তবে নির্বাচন অনুষ্ঠানে খুব বেশি দেরি হবে না বলে আশ্বস্ত করেন তিনি।
সিইসি বলেন, চ্যালেঞ্জ থাকলেও একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে কমিশনের অঙ্গীকারে কোনো ঘাটতি নেই। বিগত জাতীয় নির্বাচনের চেয়েও আরও উন্নত মানের নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে কমিশন।
নির্বাচনের দিনক্ষণ নির্ধারণের বিষয়ে তিনি জানান, তারিখ চূড়ান্ত করার আগে কিছু আইন ও বিধি-বিধান সংশোধন এবং প্রয়োজনীয় কেনাকাটাসহ আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সংশোধনী প্রস্তাবগুলো ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে।
স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতার ঝুঁকি জাতীয় নির্বাচনের চেয়ে বেশি থাকে উল্লেখ করে তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে মাঠপর্যায়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। পুলিশের বিদ্যমান নজরদারি ব্যবস্থার সহযোগিতাও চাওয়া হয়েছে।
এ ছাড়া, ঠাকুরগাঁওয়ের শূন্য সংসদীয় আসনের উপনির্বাচন বিষয়ে সিইসি জানান, সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী ৯০ দিনের মধ্যে এই নির্বাচন সম্পন্ন করতে কমিশন কাজ করছে।