সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বাংলাদেশ ও ভারত উভয়ই স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র; কোনো দেশই বড় বা ছোট নয়—সমতার ভিত্তিতেই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়া হবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।
সোমবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। হাইকমিশনার বলেন, দুই দেশের তরুণ প্রজন্মের সমৃদ্ধি ও স্থিতিশীলতা নিশ্চিত করা উভয় সরকারের প্রধান দায়িত্ব। তিনি উল্লেখ করেন, অর্থনৈতিক অগ্রগতিতে বাংলাদেশ ও ভারত পরস্পরের ওপর নির্ভরশীল এবং এই পারস্পরিক সহযোগিতাই সম্পর্কের স্থায়ী ভিত্তি। বিশেষ করে তৈরি পোশাক খাতে যৌথ অংশীদারিত্বে উৎপাদনের ব্যাপক সম্ভাবনা রয়েছে।
সাক্ষাৎকালে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, চীনের পর ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। বৈঠকে দুই দেশের বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি বন্ধ থাকা স্থলবন্দর ও বর্ডার হাটগুলো পুনরায় চালুর বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।