সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
দেশের পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে মার্কিন ব্যবসায়ীদের বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ। এ লক্ষ্যে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) মাধ্যমে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী জানান, বৈঠকে সরকারের নীতি, নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন এবং পানি ও বর্জ্য ব্যবস্থাপনা খাতের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে সিটি করপোরেশনগুলোর বিপুল বর্জ্যকে সম্পদে পরিণত করে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনার ওপর জোর দেওয়া হয়েছে। ইতিমধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে বর্জ্য থেকে প্রায় ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের একটি প্রকল্প চলমান রয়েছে।
তিনি আরও জানান, মার্কিন রাষ্ট্রদূত এসব বিনিয়োগের প্রস্তাব নিজ সরকারের কাছে তুলে ধরবেন এবং পরবর্তীতে দুই দেশের সচিব পর্যায়ে এ বিষয়ে আরও বিস্তারিত বৈঠক অনুষ্ঠিত হবে।